নওগাঁয় বাস শ্রমিকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকেরা। আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাসের পাশাপাশি সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলেও বাধা দেওয়া হচ্ছে। ফলে বাধ্য হয়ে যাত্রীরা ইজিবাইকে করে গন্তব্যে যাচ্ছেন। এতে বাড়তি ভাড়া ও সময় ব্যয় হচ্ছে।

বাস শ্রমিকদের দাবি, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল শুরু হবে না। অন্যদিকে অটোরিকশা মালিক সমিতির অভিযোগ, সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করছেন বাস শ্রমিকেরা।

ধর্মঘটের কারণে নওগাঁর বালুডাঙ্গা ও ঢাকা বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কর্মজীবী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com