রোটেশন প্রস্তাবের পর কিরিয়ায় বৈঠক: নেতানিয়াহুর চাল নাকি বেনেটের চাপের জয়?
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি
ইসরায়েলের সরকার গঠনের জটিল সমীকরণে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। রোটেশন চুক্তিতে দ্বিতীয় প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবের পর রবিবার (২৯ নভেম্বর) তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরে দুই ঘণ্টা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। সাবেক কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের মধ্যস্থতায় হওয়া এই বৈঠকে নেতানিয়াহুর 'ঐক্যের' আন্তরিকতা যাচাইয়ে আইজেনকোট ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।
২৭ অক্টোবরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই নেতানিয়াহু ঐক্য সরকার চাইলেও আইজেনকোটের জোটের ভেতরে এ নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। আইজেনকোট ইতিমধ্যে আভিগদর লিবারম্যানের 'ইসরায়েল বেইতেনু' ও ইয়াইর গোলানের 'দ্য ডেমোক্র্যাটস'- এর সাথে জোট চুক্তি সেরেছেন। এই দুই নেতা নেতানিয়াহুর সাথে সরকার গঠনের ঘোর বিরোধী। লিবারম্যানের মতে, 'পরিবর্তন সরকার' আটকে দিতেই নেতানিয়াহু দ্বিতীয় প্রধানমন্ত্রী হওয়ার এই রাজনৈতিক চাল চেলেছেন।
তবে ভিন্ন তথ্য বলছে, বেনেটের চাপেই এই প্রস্তাব দিতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। আইজেনকোটের জোটে থাকা নাফতালি বেনেটের 'বি'ইয়াদ' পার্টিই একমাত্র ঐক্য সরকারের পক্ষে। চ্যানেল ১২-এর তথ্যমতে, দ্বিতীয় প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব না দিলে বেনেট ঐক্য আলোচনা বাদ দিয়ে ইয়াশারের সাথে চুক্তি করতেন—এমন চাপেই নেতানিয়াহু নমনীয় হন। নেতানিয়াহু-আইজেনকোট বৈঠকের মাঝেই ইয়াশার ও বি'ইয়াদের প্রতিনিধিদের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা আলোচনায় বড় অগ্রগতির খবর মিলেছে।
৮ নভেম্বর ম্যান্ডেট পাওয়া আইজেনকোটের হাতে সরকার গঠনের এটি শেষ সপ্তাহ (যদিও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে)।
এখন দেখার বিষয়, নেতানিয়াহুর এই প্রস্তাব শেষ পর্যন্ত ক্ষমতায় ফেরার কৌশল হিসেবেই থেকে যায়, নাকি ঐক্য সরকারের নতুন পথ খুলে দেয়।
(সূত্র: দ্য জেরুজালেম পোস্ট)