নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ব্যাংকের পাঁচ সেবা স্থগিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম

সংগৃহীত

 

বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের গুরুত্বপূর্ণ সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে পরীক্ষামূলকভাবে এসব সেবা বন্ধ করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে ঢাকার বাইরে বিভাগীয় অফিসগুলোতেও একই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, যে পাঁচ সেবা বন্ধ করা হচ্ছে সেগুলো হলো—গ্রাহক পর্যায়ে সঞ্চয়পত্র কেনাবেচা, প্রাইজবন্ড কেনাবেচা, ছেঁড়া–ফাটা নোট বদল, সরকারি ট্রেজারি চালান গ্রহণ এবং চালান সংক্রান্ত ভাংতি টাকা প্রদান।

তবে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করলেও বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর এবং পোস্ট অফিসে আগের মতোই এসব সেবা পাবেন গ্রাহক। বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে নির্বিঘ্নে এই সেবা দিতে পারে, সে জন্য তদারকি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই এ বিষয়ে গ্রাহকদের অবহিত করতে প্রচারণা চালানো হবে বলেও জানায় সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে বর্তমানে ২৮টি কাউন্টারের মাধ্যমে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড ও বিভিন্ন নগদ লেনদেনসহ মোট ১০ ধরনের সেবা প্রদান করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় আধুনিকায়ন, উন্নত নিরাপত্তাব্যবস্থা, স্বয়ংক্রিয় ভল্ট স্থাপন এবং মূল ভবনের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ১২টি কাউন্টার বন্ধ করে দেওয়া হবে, যেখানে পাঁচ সেবা দেওয়া হতো।

এর ফলে আগামী ডিসেম্বর থেকে মতিঝিল কার্যালয়ে নগদ টাকা জমা–উত্তোলন, সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড কেনাবেচা কিংবা ট্রেজারি চালান জমা নেওয়া হবে না। পাশাপাশি ছেঁড়া–ফাটা নোট বদল ও চালানের ভাংতি টাকার সেবাও বন্ধ থাকবে।

তবে অবশিষ্ট ১৬টি কাউন্টারে ধাতব মুদ্রা বিনিময়, স্মারক মুদ্রা বিক্রি, অপ্রচলিত নোট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং ব্যাংকের সঙ্গে নির্দিষ্ট লেনদেনের সেবা চালু থাকবে। যদিও এসব সেবাও ভবিষ্যতে কীভাবে ধীরে ধীরে বন্ধ করা হবে সে বিষয়ে ব্যাংকের গভর্নর পর্যায় থেকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতি করে ২৫ লাখ টাকা আত্মসাতের একটি ঘটনা সামনে আসে। যদিও কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা হালনাগাদের অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্ক নেই। তাদের দাবি, উচ্চ ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে বাংলাদেশ ব্যাংকে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ।

বর্তমানে গ্রাহকদের কাছে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ৩ লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকা, যার প্রায় ৩০ শতাংশই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com