পাঁচ ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৩০ পিএম

বাংলাদেশ ব্যাংক |সংগৃহী

 

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ (বিআরও ২০২৫) অনুযায়ী সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিআরও ২০২৫-এর ধারা ৪০ অনুযায়ী যদি কোনো তফসিলি ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার মাধ্যমে পরিসমাপ্তির (লিকুইডেশন) আওতায় আসে এবং শেয়ারহোল্ডাররা রেজল্যুশন প্রক্রিয়ার মাধ্যমে লিকুইডেশনের তুলনায় বেশি ক্ষতির সম্মুখীন হন, তবে তাদের ক্ষতির পার্থক্য অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।

এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবে একটি স্বতন্ত্র পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান, যাকে বাংলাদেশ ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়া শেষে নিয়োগ করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্ষুদ্র বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সরকার বিশেষ ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিআরও ২০২৫ আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে। এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-এর প্রযুক্তিগত সহায়তা ও মতামত অন্তর্ভুক্ত রয়েছে।

অধ্যাদেশে রেজল্যুশনের আওতাধীন ব্যাংকের বিভিন্ন দাবিদার—যেমন আমানতকারী, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীদারের অধিকার স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘ইকুয়েটর’ পরিচালিত বিশেষ পরিদর্শন ও বিশ্লেষণে দেখা গেছে, রেজল্যুশন প্রক্রিয়াধীন ব্যাংকগুলো বিপুল ক্ষতির মুখে রয়েছে এবং তাদের নিট সম্পদমূল্য (নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি) ঋণাত্মক।

এই পরিস্থিতিতে বিআরও ২০২৫-এর ধারা ৪২ অনুযায়ী গঠিত ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (বিসিএমসি) গত ২৪ সেপ্টেম্বর এক সভায় সিদ্ধান্ত নেয়—এই পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংকের একীভূতকরণে শেয়ারহোল্ডারদের রেজল্যুশন প্রক্রিয়ায় ব্যাংকের ক্ষতির অংশ বহন করতে হবে।

বিআরও ২০২৫-এর ধারা ১৬(২)(ইউ), ২৮(৫), ৩৭(২)(এম) ও ৩৮(২) অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকের বিভিন্ন অংশীদারের ওপর লোকসান আরোপের ক্ষমতা রাখে। এদের মধ্যে রয়েছেন শেয়ারহোল্ডার, দায়ী ব্যক্তি, অতিরিক্ত টিয়ার–১ মূলধনধারী, টিয়ার–২ মূলধনধারী এবং সাব–অর্ডিনেটেড ডেট হোল্ডার।

তবে বর্তমান প্রেক্ষাপটে সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের কোনো সরাসরি সুযোগ না থাকলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে জানানো হয়।

সূত্র: বাসস

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com