মীরসরাইয়ে বাসের ধাক্কায় উল্টে গেল গ্যাসকূপ খননের সামগ্রীবাহী লরি, ক্ষতি ২০ লাখ টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত কেমিক্যাল ও কাঁচামালবাহী একটি লরি মহাসড়কে উল্টে গেছে। এতে লরিতে থাকা প্রায় ২০ লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জের মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

লরিচালক জহির আলম জানান, চট্টগ্রাম বন্দর থেকে সিলেটের কৈলাশটিলায় গ্যাসকূপ খননকাজে ব্যবহারের জন্য ২০ বস্তা কেমিক্যাল নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে একটি সিডিএম বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাঁর লরিতে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এ সময় তিনি লরির কেবিনে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।

দুর্ঘটনার ফলে লরি থেকে ছিটকে পড়া কাঁচামাল মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় সাময়িক যানজট। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় প্রায় আট ঘণ্টা পর মহাসড়ক থেকে ছড়িয়ে পড়া কাঁচামাল সরানো সম্ভব হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়কে কাঁচামাল ছড়িয়ে পড়ায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে সেগুলো সরানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com