চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৭৫, কিশোর গ্যাংয়ের ৫৪৯ সদস্য আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানের এসব তথ্য শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬১ জনকে। তাঁদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে।
মাদকবিরোধী অভিযানে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে।
অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ এবং ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের ৮৩ সদস্য গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫ জন, কক্সবাজারে পাঁচজন, কুমিল্লায় ২১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় চারজন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালীতে তিনজন, ফেনীতে তিনজন, লক্ষ্মীপুরে নয়জন, খাগড়াছড়িতে দুজন এবং বান্দরবানে একজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ আটক
অন্যদিকে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। জেলাটিতে ২২৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, কক্সবাজারে ৩০, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, ফেনীতে ৫২, লক্ষ্মীপুরে ৫৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।
পুলিশের এ বিশেষ অভিযানে অপরাধ দমন, মাদকবিরোধী তৎপরতা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।