পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৪৫ হাজার টাকার ভারতীয় কীটনাশক জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ পিএম
সঞ্জু বনিক সৌরভ, জেলা প্রতিনিধি,পঞ্চগড়ন:
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব কীটনাশকের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
রোববার (২৯ নভেম্বর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার বীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে রোববার সকাল ৬টা ৪০ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নারায়নপুর বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে।
হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৭৬৭/১১-এস থেকে প্রায় ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৮ বোতল ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি আরও জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।