নাটোরে উত্তরা গণভবনের দক্ষিণ পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
মিজানুর রহমান ,নাটোর প্রতিনবধি :
নাটোরে উত্তরা গণভবনের দক্ষিণ প্রাচীরসংলগ্ন এলাকা থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় চার থেকে পাঁচ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এম কে কলেজ ভবনের পেছনে ক্যানেলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে যাওয়ার সময় জুয়েল নামের এক যুবক শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি ওই পথ দিয়ে যাওয়া দুই নারীর সহযোগিতায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে দেখতে পান তারা।
শিশু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এ সময় উপস্থিত অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়েছে।
ওসি আরও জানান, শিশুটিকে কারা এবং কী কারণে সেখানে ফেলে গেছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতক কন্যাশিশুটি সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ছিল।