জুলকান বিটডাউন-৩ প্রতিযোগিতায় বান্দরবানের পাঁচ বক্সিং একাডেমির সাফল্য

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

আরাফাত খাঁন, বান্দরবান।

দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলকান বিটডাউন-৩’ প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে নিজ নিজ ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন বান্দরবান বক্সিং একাডেমির পাঁচ বক্সার।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে প্রতিযোগিতাটির তৃতীয় আসর অনুষ্ঠিত হয়। এতে মোট নয়টি অ্যামেচার বক্সিং বাউট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাঙামাটি ও বান্দরবানের উদীয়মান বক্সাররা বিভিন্ন ওজন শ্রেণিতে অংশ নেন।

প্রতিযোগিতায় বান্দরবান বক্সিং একাডেমির হয়ে চ্যাম্পিয়ন হন জয় মং মারমা (৪৮ কেজি), মং হ্লা চিং (৫০ কেজি), হারুন অর রশিদ (৫৪ কেজি), শৈ হাই সিং (৫৩ কেজি) ও তাহসিং (৬৩ কেজি)। তাঁদের এই সাফল্যে বান্দরবানের বক্সিং অঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, রাঙামাটি থেকে অংশ নেওয়া বক্সারদের মধ্যে ছিলেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা ও মোহিয়ান চাকমাসহ আরও অনেকে।

আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী সুরা কৃষ্ণ চাকমা। তাঁর সম্পৃক্ততা প্রতিযোগিতার গুরুত্ব ও আকর্ষণ বাড়িয়ে তোলে।

বক্সিংকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকেরা সরাসরি রিংয়ের লড়াই উপভোগ করেন। নতুন ভেন্যুতে বড় পরিসরে এ আয়োজনের মধ্য দিয়ে কমব্যাট স্পোর্টসের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করেন আয়োজকেরা।

আয়োজক সূত্রে জানা যায়, দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ, সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করা এবং তরুণদের নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে কাজ করছে জুলকান ইনডোর অ্যারেনা। বক্সিং ও মুয়েই থাইয়ের মতো খেলাকে জনপ্রিয় করা এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে ‘জুলকান বিটডাউন’ সিরিজ।

আয়োজকদের আশা, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হলে তরুণ খেলোয়াড়দের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো নতুন বক্সার তৈরি হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com