চট্টগ্রামের বায়েজিদে ডিবির অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ। এ সময় অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজাম উদ্দিন (২৮) নামে তার এক সহযোগী পালিয়ে গেছেন।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পশ্চিম বিভাগের একটি আভিযানিক দল মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশন এলাকায় দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় একটি লেগুনায় অবস্থানরত দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান।

পরে গ্রেপ্তার মিজানুর রহমানের দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়েছে। গাড়িটির নিবন্ধন নম্বর চট্ট-মেট্রো-ছ ১১-৪১৩৪।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানুর রহমান জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন। তবে এসব অস্ত্র ও কার্তুজের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান খাগড়াছড়ি সদর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ আরিফিন বাজার এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com