গঙ্গাচড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
রফিকুল ইসলাম সাবুল, রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীতে প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় পাগলাপীর রোডের বেতগাড়ী এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে বৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, মাওলানা মো. সাইফুল ইসলাম, মো. শাহ আলম ও মো. মশিউর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মো. আনছার আলী প্রামাণিক, সহকারী শিক্ষক নাজমিন ও মোছা. আকতিয়ারা বেগম, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু কায়েস।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, মেধা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তাঁরা মনে করেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জন ও নিজেদের মেধা বিকাশে উৎসাহিত করবে।