নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে কালো টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে গুরুদাসপুর পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পাইলট স্কুল মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে হঠাৎ মাঠের মাঝখানে কালো টেপে মোড়ানো গোলাকার একটি বস্তু দেখতে পান উপস্থিত লোকজন। বস্তুটি নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পরে সেটি পানি ভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যাওয়া হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুটি আসলে কী, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, কিছু সময়ের জন্য সমাবেশের কার্যক্রম বন্ধ থাকলেও পরে আবার তা শুরু হয়।
উল্লেখ্য, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে তার সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে