জয়পুরহাটে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে তীব্র হট্টগোল: ডিসির ক্ষমা প্রার্থনা, তদন্তের নির্দেশ প্রতিমন্ত্রীর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় তীব্র ক্ষোভ ও হট্টগোল সৃষ্টি হয়।

শনিবার ৭ নভেম্বর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। ব্যানারে ছবি না থাকায় প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী মঞ্চে না ওঠায় নির্ধারিত সময়ে সভা শুরু করা যায়নি।

পরবর্তীতে জেলা প্রশাসনের কর্মকর্তারা ব্যানারে জিয়াউর রহমানের ছবিযুক্ত একটি পোস্টার কসটেপ দিয়ে জুড়ে দিলে প্রায় আধা ঘণ্টা পর প্রতিমন্ত্রী মঞ্চে ওঠেন এবং সভা শুরু হয়। 

অনুষ্ঠান চলাকালে জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দিতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করলে দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডায়াসের দিকে এগিয়ে গিয়ে তাকে বক্তব্য থেকে সরিয়ে দেন।

ব্যানারের ভুলের বিষয়ে জেলা প্রশাসক আল-মামুন মিয়া ইন্টারনেট থেকে ছবি সংগ্রহের কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

অন্যদিকে পুরো ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনাগুলো ইচ্ছাকৃত কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে তদন্তের নির্দেশ দেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিএনপি নেতারা এ ঘটনাকে প্রশাসনের ভেতরে থাকা ‘ফ্যাসিবাদের দোসরদের চক্রান্ত’ বলে দাবি করেছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com