চট্টগ্রামে মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১৬
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তালতলা এলাকায় হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। খবর পেয়ে বন্দর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সংবাদ মাধ্যমকে বলেন, মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।