সাতক্ষীরায় নব ঘোষিত এনসিপি কমিটিকে প্রত্যাখ্যান: ৭২ ঘন্টার আল্টিমের্টাম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম
শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে দলের একাংশের মধ্যে।
নব কমিটিকে ‘অস্বচ্ছ’ ও ‘একপেশে’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন করা না হলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের (শহীদ আলাউদ্দিন চত্বরের) নিউমার্কেট মোড়ের আল বারাকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা এনসিপির একাংশ এবং দলটির ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ পৃথকভাবে এই দাবি জানায়।
উল্লেখ্য গত রবিবার আগামী ছয় মাসের জন্য সাতক্ষীরা জেলা এনসিপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ মো. আখতারুজ্জামানকে। সদস্যসচিব হয়েছেন মো. কামরুজ্জামান (বুলু) এবং সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রজব আলী এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সি এম নাজমুল ইসলাম ও শেখ নাজমুল হুদা। কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন মাঠে সক্রিয় থাকা ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়ন না করে পছন্দের ব্যক্তিদের দিয়ে এই ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। তারা বলেন, এই প্রতিবাদ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়; বরং প্রশ্নবিদ্ধ সাংগঠনিক প্রক্রিয়ার বিরুদ্ধে।
নতুন কমিটির সদস্যসচিবের দায়িত্ব পাওয়া মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন না হলে তার পদত্যাগের সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি তাঁর বিভিন্ন সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করবেন।
এছাড়া বঞ্চিত ও পদত্যাগকারী নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক সংকটের দ্রুত সমাধান করতে হবে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটি পরিবর্তন না হলে গণপদত্যাগের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপির বার্তমান যুগ্ম আহ্বায়ক সি.এম নাজমুল ইসলাম, বর্তমান সদস্য সচিব মো. কামরুজ্জামান বুলু, যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল্লাহ, সদর উপজেলা কমিটির সমন্বয়কারী মাছুম আশরাফ উদ্দীন, শেখ আল ইমরান, রফিকুল ইসলাম, বার্নাবাশ দাদা ও আবদুল্লাহ আবদুল মালেক প্রমুখ ।
অন্যদিকে সন্ধ্যা ছয়টায় একই স্থানে জাতীয় ছাত্রশক্তি সাতক্ষীরা জেলা শাখাও একই দাবিতে সংবাদ সম্মেলন করে। ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, ঘোষিত কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যাদের গত ছয় মাসে দলের কোনো কার্যক্রমে দেখা যায়নি। এমনকি কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদেও তারা মাঠে ছিলেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল হাসান রুমন, সদস্যসচিব বখতিয়ার হোসেন ও মুখ্য সংগঠক মোজাহিদুল ইসলামসহ উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।