ইতিহাসে প্রথম সফর: ছয় দিন পর পাকিস্তান থেকে কাল ফিরছেন স্পিকার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
মোঃ মিলন শাহ বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দায়িত্বপ্রাপ্ত স্পিকার হিসেবে ছয় দিনের সরকারি সফর শেষে আগামীকাল রোববার (২৯ নভেম্বর) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি ইসলামাবাদে গিয়েছিলেন।
দুই দেশের সংসদ ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে এই সফর অনুষ্ঠিত হয়।
সফরকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার। বৈঠকে পাকিস্তানের শীর্ষ নেতারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ দেখান। এ ছাড়া পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠকে নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
ইসলামাবাদের পর প্রতিনিধিদলটি লাহোর ও করাচি সফর করে। সেখানে পাঞ্জাব ও সিন্ধু প্রাদেশিক পরিষদের কার্যক্রম দেখার পাশাপাশি লাহোর চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে কথা হয়। এ ছাড়া স্পিকার কাকুল সামরিক একাডেমি, মিনার- ই- পাকিস্তান, কবি আল্লামা ইকবাল ও মুহাম্মদ আলী জিন্নাহর সমাধি ঘুরে দেখেন।
সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, পাকিস্তান ও বাংলাদেশ এখন অতীত পেছনে ফেলে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায়। তবে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা এবং কাশ্মীর পরিস্থিতি নিয়ে তিনি কিছু মন্তব্য করেন। তাঁর ওই বক্তব্যগুলো নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক এবং রাজনৈতিক মহলে কিছু আলোচনা শুরু হয়েছে। আজ শনিবার সফরের সব কর্মসূচি শেষ হচ্ছে এবং আগামীকাল প্রতিনিধিদলটি ঢাকায় ফিরবে।