নেত্রকোনায় পিতৃপরিচয় ও উত্তরাধিকারী স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু: ধর্ষকের যাবজ্জীবন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:১২ পিএম

রিপন কান্তি গুণ, নেত্রকোনা সংবাদদাতা:

নেত্রকোনা বারহাট্টায় দীর্ঘ ১৩ বছর পর বুদ্ধিপ্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া কন্যাশিশু বিজ্ঞ আদালতের রায়ে ফিরে পেল তার পিতৃপরিচয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায়ে অভিযুক্ত ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেওয়া কন্যা সন্তানকে পিতৃপরিচয় এবং ধর্ষকের সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক (৮ জুলাই) এই প্রদান করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মো. নুরুল কবীর (রুবেল) মামলার বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, ২০১৩ সালের ১০ জুলাই বারহাট্টা থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার রায়ে আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও অন্যান্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ রাতে নিজ বসতঘরে দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্বামী-পরিত্যক্তা খুববানু নামের ওই নারী। গভীর রাতে হেলাল উদ্দিন ঘরের বাঁশের দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকিও দেন। ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা এবং বিয়ের উদ্যোগ নেওয়া হলেও হেলাল উদ্দিন ধর্ষণের অভিযোগ ও পরবর্তীতে জন্ম নেওয়া কন্যাশিশুর পিতৃত্ব অস্বীকার করেন। পরে ভুক্তভোগী নারী ২০১৩ সালের ১০ মার্চ বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।

পরে একই বছরের ১১ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার প্রায় এক বছর পর ভুক্তভোগী নারী স্বাভাবিকভাবে মারা যান। বর্তমানে ওই কন্যাশিশুটি ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। মায়ের মৃত্যুর পর ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটি পিতৃপরিচয়হীন হয়ে পড়ে। আসামি হেলাল প্রথম থেকেই এ ঘটনা এবং জন্ম নেওয়া সন্তানকে নিজের বলে অস্বীকার করে আসছিল। এমনকি গ্রাম্য শালিসেও সে বিষয়টি মেনে নেয়নি।

পরবর্তীতে পুলিশের চার্জশিট এবং আদালতের নির্দেশে ডিএনএ টেস্টের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়, কন্যশিশুটি হেলালেরই ঔরসজাত সন্তান। ডিএনএ টেস্টে প্রমাণিত হওয়ার পরও সে বিষয়টি অস্বীকার করে আসছিল। চূড়ান্ত রায়ে আদালত শিশুটিকে হেলালের ঔরসজাত সন্তানের স্বীকৃতি দিয়ে তার সম্পত্তির সঠিক উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছেন। পিতৃপরিচয় পেতে দীর্ঘ ১৩ বছর ধরে আদালতের বারান্দায় ঘুরেছেন খুববানুর কন্যা কলি আক্তার (১৩) ও তার স্বজনেরা।

পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত হওয়ায় সে আইনগতভাবে হেলাল উদ্দিনের সন্তান হিসেবে স্বীকৃতি পাবে এবং পিতার সম্পত্তিসহ অন্যান্য আইনগত অধিকারের দাবিদার হবে।

তিনি আরও বলেন, "এই রায়ের মাধ্যমে শুধু ধর্ষকের শাস্তিই নিশ্চিত হয়নি, ডিএনএ পরীক্ষার ভিত্তিতে একটি শিশু তার পিতৃপরিচয়, সামাজিক স্বীকৃতি ও আইনগত অধিকারও পেয়েছে। ভবিষ্যতে এ ধরনের মামলার ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।“

ভুক্তভোগীর মেয়ে কলি আক্তার জানায়, বাবার পরিচয় পাওয়ার জন্য সে ১৩ বছর ধরে উকিল ও পুলিশের কাছে ঘুরেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর বিজ্ঞ আদালতের ন্যায় বিচারের মাধ্যমে সে তার বাবার পরিচয় পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com