জাবি'র কনসার্টে ধূমপান করতে নিষেধ করায় বাকবিতন্ডা, দুই শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪৯তম ব্যাচের আয়োজিত কনসার্টে ধূমপান ও ধাক্কাধাক্কিতে আপত্তি জানানোকে কেন্দ্র করে ৫৩তম ব্যাচের দুই শিক্ষার্থীকে দুই দফায় মারধরের অভিযোগ উঠেছে। এতে হেলমেটের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। এ সময় এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান অভিযোগকারীরা।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভুক্তভোগী শিক্ষার্থী নিলয় জানান, শুক্রবার রাতে কনসার্টে ধূমপানের ধোঁয়া ও ধাক্কাধাক্কিতে আপত্তি জানালে কয়েকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে টিএসসি-সংলগ্ন ক্যাফেটেরিয়ার বিপরীত পাশের সিঁড়িতে কথা বলার জন্য দাঁড়ালে পরিচিত সিনিয়রদের ফোন করার সময় তাদের গালিগালাজ করা হয়। 

তিনি আরও বলেন, একপর্যায়ে পেছন থেকে টেনে নিয়ে হেলমেট দিয়ে তার মাথা ও মুখে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায় এবং সেলাই দিতে হয়। তাকে রক্ষা করতে গেলে বন্ধু জিসানকেও মারধর করা হয়। এ সময় বাধা দিতে গেলে আয়েশা নামের এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

অন্য ভুক্তভোগী জিসান বলেন, কনসার্টে ধাক্কাধাক্কি না করতে বলায় প্রথম দফায় তাকে ঘুষি ও লাথি মারা হয়। পরে ক্যাফেটেরিয়া এলাকায় যাওয়ার পথে কয়েকজন ফিরে এসে নিলয়ের অবস্থান জানতে চান। এ সময় দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা চালানো হয়। এতে তার মাথা ও বুকে আঘাত লাগে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীকে হামলায় অভিযুক্ত করেন ভুক্তভোগীরা। তাদের মধ্যে রয়েছেন রসায়ন বিভাগের শাহরিয়ার দিহান, ভূগোল ও পরিবেশ বিভাগের জিহাদ এবং বাংলা বিভাগের সোয়াদ। এ ছাড়া মুয়াদসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ করেন তারা।

নিলয় বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক। নিরপরাধ কেউ যেন শাস্তি না পান, আবার অপরাধীরাও যেন পার পেয়ে না যান।’

এ সময় শিক্ষার্থী শ্যামন্তী বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনায় নয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ঘটনার বিচার করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে যেন ঘটনার গুরুত্ব কমে না যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা গ্রহণ করা হয়েছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হবে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে এলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com