চবির গবেষণাকে শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করতে চায় সরকার: আমির খসরু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষণাকে শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে সমন্বিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে গবেষণা কার্যক্রম শুরু এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অবকাঠামোর ব্যবহার বাড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই সরকারের একটি বড় কর্মসূচি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মাধ্যমে শিল্প খাতের সঙ্গে বড় ধরনের সংযোগ ঘটিয়ে দেওয়া। এ নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে।”
তিনি বলেন, “আমি আশা করি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের গবেষণার সূচনা করতে পারব এবং শিল্প খাতের সঙ্গে মিলে কাজ করতে পারব। কৃষির সঙ্গে মিলে কাজ করতে পারব, মেরিন খাতের সঙ্গে মিলে কাজ করতে পারব।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টির রয়েছে সমৃদ্ধ অ্যালামনাই, অভিজ্ঞ শিক্ষক এবং অনন্য প্রাকৃতিক পরিবেশ। পাহাড়, সমুদ্র ও নদীবেষ্টিত এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণার কার্যক্রমকে আরও উন্নত পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা প্রয়োজন।
এআই ও ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এআই এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে একটি ভালো রেটিং ও বড় ধরনের জায়গায় নিয়ে যেতে পারব বলে আমি বিশ্বাস করি।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি মুক্ত আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত আলোচনার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তা নির্ধারণ করা জরুরি। এ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে আমির খসরু বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। উপস্থিত থাকতে পারলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ হতো বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।