শিক্ষামন্ত্রীকে নওগাঁয় প্রবেশে বাধার হুঁশিয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা সংবাদদাতাঃ
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় সড়কে নেমে মানববন্ধন করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা। দাবি পূরণ না হলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নওগাঁয় প্রবেশে বাধা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিক্ষা ভবনের সামনে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি ও বর্ষের শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, দুর্যোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, এসব দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যোগ দিতে এলে তাকে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ ও রাহিম হোসেন। এছাড়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদমানও বক্তব্য দেন।