শিক্ষার্থী
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মোহাম্মদ মোক্তিয়ার (৪০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। গত (১৩ জুলাই) সোমবার দিবাগত রাতে উপজেলার কধুরখীলের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত শিক্ষকের বিরুদ্ধে শিশু আইন ২০১৩-এর ৭০ ধারার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন শিক্ষার্থীর পিতা মোহাম্মদ ফরিদুল আলম। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ জুয়েল রানা বলেন, মামলার তদন্তভার গ্রহণ করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট খাজা রোডের বোঁচন মিস্ত্রি বাড়ির মোহাম্মদ বখতিয়ারের ছেলে। তিনি উপজেলার কধুরখীল আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের হিসাব রক্ষক ও শ্রেণি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মামলার বাদী নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়ার রমনা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদুল আলম। তিনি জানান, তাঁর ছেলে হাফেজ আবদুল্লাহ আল তাওসিফ (১৪) আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের শিক্ষার্থী। গত (৮ জুলাই) বুধবার সকাল ৬টার দিকে শিক্ষক মোক্তিয়ার এক সপ্তাহ আগে অবসরে খেলাধুলার অজুহাতে হাফেজ আবদুল্লাহ আল তাওসিফকে গালিগালাজ করেন। গালিগালাজের এক পর্যায়ে হাফেজ আবদুল্লাহ আল তাওসিফকে শিক্ষক মোক্তিয়ার বেত্রাঘাত, কিল, ঘুষি মেরে আহত করে। পরে আহত অবস্থায় তাকে বিনা চিকিৎসায় রুমে সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দি করে রাখা হয়। ওইদিন আছর'র নামাজের সময় সুযোগ পেয়ে সে মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলি। তিনি আরও বলেন, থানায় এজাহার দায়ের করার আগে ঘটনার পরদিন গত (৯ জুলাই) বৃহস্পতিবার থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘শিক্ষার্থীকে বেশি মাত্রায় মারধর করায় এই শিক্ষককের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার অভিভাবক। মামলা পরবর্তী আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করি। তাকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।'
ঝালকাঠি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, বৃষ্টির মধ্যেই ১ ঘণ্টার সড়ক অবরোধ শিক্ষার্থীদের
দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্যেই ক্ষোভে ফুঁসে উঠলো ঝালকাঠি। মঙ্গলবার বিকেলে রাজপথে নেমে প্রায় ১ ঘণ্টা শহর অচল করে দিল কয়েকশ শিক্ষার্থী। বিকেল ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ঝড়-বৃষ্টি মাথায় নিয়েই হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা নেমে আসে। কিছুক্ষণের মধ্যেই শহরের ৪টি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে দেয় তারা। ফলে অফিস ছুটির সময়ে যানজটে আটকে পড়ে শহরবাসী। আন্দোলনকারীদের মূল অভিযোগ ২টা। এক: বৈরী আবহাওয়ার মধ্যেও জোর করে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। দুই: পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য তাদের অপমান করেছে। তাই তারা সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তবে অবরোধের সময় মানবিক দিকটাও ভোলেনি শিক্ষার্থীরা। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ি আটকায়নি তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহমুদ হাসান। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত দেখার জন্য আপাতত ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত। তাদের হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে সন্তোষজনক কোনো পদক্ষেপ না এলে বুধবার পরীক্ষা শেষ করে দুপুর থেকে আবারও কঠোর আন্দোলনে যাবেন তারা।
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় প্রবেশে বাধার হুঁশিয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে নওগাঁয় সড়কে নেমে মানববন্ধন করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা। দাবি পূরণ না হলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে নওগাঁয় প্রবেশে বাধা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিক্ষা ভবনের সামনে এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি ও বর্ষের শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, দুর্যোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, এসব দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যোগ দিতে এলে তাকে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তব্য দেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ ও রাহিম হোসেন। এছাড়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদমানও বক্তব্য দেন।
এইচএসসি ও সমমান পরিক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।