এক ট্রাক এক্সকাভেটরেই বিপর্যস্ত সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন লামার আজিজনগর-গজালিয়া

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

তোফাজ্জল হোসাইন,লামা (বান্দরবান) প্রতিনিধি:

‎বান্দরবানের লামা উপজেলায় ভারী এক্সকাভেটর বহনকারী একটি ট্রাকের চাপে ভেঙে পড়েছে ছয়মাইল এলাকার বেইলি সেতু। এ সময় ট্রাক ও এক্সকাভেটরটি সেতুর নিচের খাদে পড়ে যায়। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের হাজারো মানুষ।

‎বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে করে ভারী এক্সকাভেটর পরিবহনের সময় ছয়মাইল এলাকার বেইলি সেতু পার হচ্ছিল ট্রাকটি। এ সময় অতিরিক্ত ভারের চাপে সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাকসহ এক্সকাভেটরটি সেতুর নিচের খাদে পড়ে যায়।

‎সেতু ভেঙে পড়ার পরপরই আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের সঙ্গে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দুই ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াত, পণ্য পরিবহনসহ দৈনন্দিন কার্যক্রমে দেখা দিয়েছে চরম ভোগান্তি।

‎এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে সড়কটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com