যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালনে সাতক্ষীরায় সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মির্জ কাউসার আজিজ।
সভায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের সার্বিক কর্মপরিকল্পনা, অনুষ্ঠান আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি যথাযথভাবে পালনে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও গবেষকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। জাতির ইতিহাসে এই হত্যাযজ্ঞ এক গভীর বেদনাবিধুর অধ্যায়।
শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।