পাঁচবিবিতে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাতে উপজেলার আওলাই ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব কৃষ্ণপুর (আদর্শগ্রাম) এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ও যুবলীগ কর্মী শফিক (৪৪) এবং খাড়িয়াপাড়া এলাকার মোঃ সৈয়দ আলী মন্ডলের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ জহুরুল ইসলাম জনি (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহানাজ বেগমের দিকনির্দেশনায় এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে আওলাই ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে নাশকতা মামলার আসামি হিসেবে ওই দুজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।