প্রধানমন্ত্রীকে বরণ করতে লালমনিরহাটের মহাসড়কসহ শহরকে সাজানো হয়েছে গ্রামীণ দৃশ্যে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম
হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:
একদিনের সফরে বৃহস্পতিবার লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বরণ করতে মহাসড়কসহ শহরকে সাজানো হয়েছে গ্রামীণ দৃশ্যে। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা শহর।
জানা গেছে, কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় কর্মসূচিতে অংশ নিতে ইতিপূর্বে এলেও সরকারপ্রধান হিসেবে তিস্তা, ধরলা আর সানিয়াজান বেষ্টিত জেলা লালমনিরহাটে এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীকে বরণ করতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। প্রধানমন্ত্রীর যাতায়তের সড়ক-মহাসড়ক ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। তুলির আঁচড়ে রঙিন করা হয়েছে সড়কের ধারের গাছপালা আর অফিস ভবন। আলোকিত করা হয়েছে গোটা সড়ক-মহাসড়ক ও সমাবেশস্থল। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর আর সড়ক-মহাসড়ক।
মহাসড়কের দুই ধারে গ্রামীণ দৈনিক কর্মকাণ্ডের অবয়ব তুলে ধরে মূর্তি বসানো হয়েছে। চিরাচরিত গ্রামীণ দৃশ্য ফুটে উঠেছে লালমনিরহাট-রংপুর মহাসড়ক তথা প্রধানমন্ত্রীর চলাচলের পথে। দৃষ্টিনন্দন করা হয়েছে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল ও যাতায়তের পথ। মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে গানসহ ডিসপ্লে প্রদর্শন করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবকিছুই প্রধানমন্ত্রীকে বরণ করার কর্মযজ্ঞ।
প্রধানমন্ত্রী বিমান বাহিনীর অনুষ্ঠান শেষ করে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন, কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ এবং দুপুরের খাবার ও বিশ্রামের জন্য সার্কিট হাউসে যাবেন। এসব অনুষ্ঠানে যেতে যেসব সড়ক ঘুরবেন, সেই সব সড়ক এমন দৃশ্যে সাজানো হয়েছে। এসব পথের ডিসপ্লেতে থাকবে রংপুর অঞ্চলের আঞ্চলিক গান ও নৃত্য, যাতে তুলে ধরা হবে লালমনিরহাট তথা রংপুর অঞ্চলের ঐতিহ্য।
লালমনিরহাট সার্কিট হাউসে দুপুরের খাবার খাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাবার মেনুতেও থাকবে লালমনিরহাটের ঐতিহ্যবাহী খাবার। এর মধ্যে থাকবে তিস্তা নদীর বৈরালী মাছসহ বিভিন্ন প্রকারের ভর্তা। প্রধানমন্ত্রীর জন্য তিনটি সমাবেশস্থলের পৃথক তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা শহর। ডগ স্কোয়াড দিয়ে নিরীক্ষণ করা হয়েছে সমাবেশস্থলসহ প্রধানমন্ত্রীর যাতায়তের পথ। পুরো পথে পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে রয়েছেন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সব মিলিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাটের মানুষ।
লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে উজ্জীবিত হয়ে উঠেছে জেলাবাসী। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে কিছু সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে এসব পথের যাত্রীদের জন্য বিকল্প পথ থাকবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি লালমনিরহাটের প্রথম সফর। তার এ সফরকে স্মরণীয় করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বরাবরই গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে থাকি। এবারও তার কমতি করা হয়নি। আশা করি প্রধানমন্ত্রীর সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে।’
প্রধানমন্ত্রীর সফরসূচিতে প্রকাশ, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারক্রাফটের একটি বিমানে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখননের উদ্বোধন করে জনসভায় বক্তব্য দেবেন। শেষে লালমনিরহাট কালেক্টরেট মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করে লালমনিরহাট বিমানবন্দর থেকে একই বিমানে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।