মজলুম জননেতা মওলানা ভাসানী: গণমানুষের মুক্তির রাজনীতির এক অনন্য মহাকাব্য
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে, যাঁদের জীবন কেবল ব্যক্তিগত অর্জন কিংবা ক্ষমতার পালাবদলের ইতিহাসে সীমাবদ্ধ থাকে না; বরং তাঁরা হয়ে ওঠেন একটি জাতির অধিকার আদায়ের সংগ্রাম, আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী তেমনই এক বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ও নিপীড়িত জনতার অধিকার প্রতিষ্ঠায় যিনি জীবনের প্রায় পুরোটা সময় উৎসর্গ করেছেন। ক্ষমতার মোহ নয়, মানুষের মুক্তিই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন। তাই তিনি শুধু বাংলাদেশের নন, সমগ্র উপমহাদেশের শোষিত-বঞ্চিত মানুষের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম।
আজ ১৭ নভেম্বর, মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে টাঙ্গাইলের সন্তোষে শেষনিশ্বাস ত্যাগ করেন এই মহান জননেতা। তাঁর জন্ম উনিশ শতকের শেষভাগে, তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারি শোষণ, পাকিস্তানি সামরিকতন্ত্র, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ধারাবাহিক সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক জীবনকে কয়েকটি দল, পদ কিংবা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ করে দেখা যায় না। তিনি ছিলেন একটি সময়ের রাজনৈতিক বিবেক, প্রতিবাদের ভাষা এবং গণমানুষের মুক্তির স্বপ্নদ্রষ্টা।
ঔপনিবেশিক শাসনবিরোধী সংগ্রাম থেকে গণমানুষের রাজনীতি
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূচনা ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনের মধ্য দিয়ে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রাজনৈতিক আহ্বান এবং সমকালীন জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে তিনি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত সংগ্রামে যুক্ত হন। রাজনৈতিক জীবনের শুরুতেই তাঁকে কারাবরণ করতে হয়। দেওবন্দের ইসলামী শিক্ষায় শিক্ষিত এই মানুষটি ধর্মীয় মূল্যবোধকে ধারণ করেও কখনো ধর্মকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পক্ষে ছিলেন না। বরং মানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক মুক্তির প্রশ্নকে তিনি রাজনীতির কেন্দ্রে স্থাপন করেছিলেন।
তাঁর রাজনৈতিক দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সাধারণ কৃষকের প্রতি গভীর দায়বদ্ধতা। জমিদার, জোতদার ও প্রভাবশালী শ্রেণির শোষণে গ্রামীণ কৃষকের জীবন যখন বিপর্যস্ত, তখন তিনি কৃষকের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নামেন। কৃষকের খাজনা, জমির অধিকার, ন্যায্য পাওনা এবং সামাজিক মর্যাদার প্রশ্নে একের পর এক আন্দোলন গড়ে তোলেন। এ কারণে জমিদার ও প্রভাবশালী মহলের বিরাগভাজন হন। এমনকি কৃষকের পক্ষে অবস্থান নেওয়ায় কংগ্রেসের নেতৃত্বের সঙ্গেও তাঁর মতবিরোধ তীব্র হয়। ১৯৩৭ সালের দিকে কংগ্রেসের সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব চূড়ান্ত রূপ নেয়। পরে তিনি মুসলিম লীগে যোগ দেন।
তবে তাঁর রাজনীতির মূল চালিকাশক্তি কখনোই কোনো দল বা মতাদর্শের প্রতি অন্ধ আনুগত্য ছিল না। যেখানে মানুষের অধিকার উপেক্ষিত হয়েছে, সেখানেই তিনি প্রতিবাদী হয়েছেন। মুসলিম লীগে থেকেও পাকিস্তান আন্দোলনে ভূমিকা রেখেছেন, আবার পাকিস্তান প্রতিষ্ঠার পর যখন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য, শোষণ ও কর্তৃত্ববাদ স্পষ্ট হয়ে ওঠে, তখন সেই শাসনের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। এটাই ছিল ভাসানীর রাজনীতির স্বাতন্ত্র্য—দল নয়, মানুষের স্বার্থ ছিল তাঁর কাছে বড়।
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা ও রাজনৈতিক ইতিহাসে ভাসানীর অবদান
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের মধ্যে যে বৈষম্য ও বঞ্চনার অভিজ্ঞতা তৈরি হয়, তা দ্রুত রাজনৈতিক অসন্তোষে রূপ নেয়। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী রাষ্ট্রের প্রশাসন, অর্থনীতি, সামরিক বাহিনী ও রাজনৈতিক ক্ষমতার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাঙালিরা রাষ্ট্র পরিচালনায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই বাস্তবতায় পূর্ব বাংলায় একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজন দেখা দেয়।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মওলানা ভাসানী ছিলেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি। এই দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে পূর্ব বাংলার রাজনীতিতে মুসলিম লীগের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের নতুন অধ্যায় শুরু হয়। পরবর্তী সময়ে দলটি আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর অবদান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ সমকালীন অনেক নেতার রাজনৈতিক অবদান অস্বীকার না করেও বলা যায়, পূর্ব বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি গড়ে তোলার ক্ষেত্রে ভাসানীর নেতৃত্ব ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলটির প্রতিষ্ঠাকালে শেখ মুজিবুর রহমান কারাবন্দি ছিলেন। পরবর্তী সময়ে তিনিই এই দলের অন্যতম প্রধান নেতা এবং বাঙালির স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হন।
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মওলানা ভাসানীর নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম লীগের দুঃশাসন, বৈষম্য ও গণবিচ্ছিন্নতার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে যুক্তফ্রন্ট গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয় ছিল পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক অধিকার ও আত্মমর্যাদার পক্ষে এক ঐতিহাসিক গণরায়। মুসলিম লীগের রাজনৈতিক আধিপত্যের ভিত কেঁপে ওঠে।
তবে ক্ষমতার অংশীদারত্বই তাঁর রাজনীতির চূড়ান্ত লক্ষ্য ছিল না। যুক্তফ্রন্ট সরকার গঠনের পরও পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও জনগণের অধিকার প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রাখেন। রাজনৈতিক মতপার্থক্যের কারণে আওয়ামী লীগ ত্যাগ করে ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। নিজের হাতে গড়া রাজনৈতিক দল থেকেও বেরিয়ে আসার এই সিদ্ধান্ত প্রমাণ করে, ব্যক্তি বা দলীয় স্বার্থের চেয়ে রাজনৈতিক আদর্শকে তিনি বেশি গুরুত্ব দিতেন।
কাগমারী সম্মেলন: স্বাধীনতার স্বপ্নের এক ঐতিহাসিক উচ্চারণ
মওলানা ভাসানীর রাজনৈতিক দূরদর্শিতার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত ১৯৫৭ সালের কাগমারী সম্মেলন। টাঙ্গাইলের কাগমারীতে অনুষ্ঠিত এই সম্মেলন কেবল একটি রাজনৈতিক সমাবেশ ছিল না; এটি ছিল পূর্ব বাংলার মানুষের অধিকার, আত্মপরিচয় ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার এক গুরুত্বপূর্ণ মঞ্চ।
পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্য এবং পূর্ব বাংলার জনগণের প্রতি অব্যাহত অবহেলার বিরুদ্ধে তিনি সেখানে যে প্রতিবাদী অবস্থান তুলে ধরেন, তা পরবর্তী স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তানের শাসকগোষ্ঠীর উদ্দেশে তাঁর ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ পূর্ব বাংলার মানুষের মধ্যে নতুন রাজনৈতিক চেতনার জন্ম দেয়। এর মধ্যে ছিল শোষণমূলক রাষ্ট্রকাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রয়োজনে পৃথক রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণের দৃঢ় সংকেত।
কাগমারী সম্মেলন বাঙালির রাজনৈতিক ইতিহাসে এমন এক মাইলফলক, যেখানে স্বায়ত্তশাসনের দাবি ক্রমশ আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার আকাঙ্ক্ষার দিকে অগ্রসর হতে থাকে। পরবর্তী সময়ে ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতার সংগ্রাম পূর্ণতা পায়, তার পেছনে ভাসানীর এই রাজনৈতিক দূরদর্শিতার গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।
ভাষা আন্দোলন থেকে ঊনসত্তরের গণঅভ্যুত্থান
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, স্বায়ত্তশাসনের সংগ্রাম এবং আইয়ুববিরোধী আন্দোলন—প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ছিল আপসহীন। তিনি বুঝতে পেরেছিলেন, কেবল নির্বাচনী রাজনীতির মাধ্যমে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়; এর জন্য প্রয়োজন জনগণের সংগঠিত শক্তি।
১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ছয় দফা আন্দোলনের সময়ও পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের প্রশ্নে ভাসানী গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানসহ অন্যদের কারাবন্দি করার প্রতিবাদে আন্দোলন তীব্রতর হয়। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁর নেতৃত্ব, বক্তৃতা ও রাজপথের কর্মসূচি সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করে। আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে তিনি হয়ে ওঠেন অন্যতম প্রধান অনুপ্রেরণা।
এই গণআন্দোলনের সময় আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তাঁর ভূমিকা আলোচিত হয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম সাময়িকীর প্রচ্ছদে তাঁকে স্থান দেওয়া হয়েছিল। ২০০৪ সালে বিবিসির শ্রেষ্ঠ বাঙালি নির্বাচনে তিনি অষ্টম স্থান অর্জন করেন। এসব স্বীকৃতি তাঁর রাজনৈতিক গুরুত্বের আন্তর্জাতিক পরিচয় বহন করে। তবে তাঁর প্রকৃত মূল্যায়ন কোনো আন্তর্জাতিক তালিকা কিংবা সাময়িকীর প্রচ্ছদে নয়; বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর অবদানের মধ্যেই নিহিত।
১৯৭০-এর ঘূর্ণিঝড়, নির্বাচন বর্জন ও স্বাধীনতার প্রশ্ন
১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলীয় পূর্ব পাকিস্তানে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে, জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়। অথচ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তৎপরতা ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে চরম উদাসীনতা প্রকাশ পায়। এই মানবিক বিপর্যয় ভাসানীকে গভীরভাবে আলোড়িত করে। তিনি দুর্গত অঞ্চল পরিদর্শন করে মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেন এবং সরকারের নিষ্ঠুর উদাসীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
এই প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। ১৯৭০ সালের ৭ ডিসেম্বরের সাধারণ নির্বাচন তিনি বর্জন করেন। তাঁর নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে নানা বিতর্ক ও ব্যাখ্যা তৈরি হয়েছে। তবে এর পেছনে পাকিস্তানি রাষ্ট্রকাঠামোর প্রতি তাঁর গভীর অনাস্থা এবং স্বাধীনতার প্রশ্নে আপসহীন অবস্থান গুরুত্বপূর্ণ ছিল। তিনি মনে করতেন, পাকিস্তানের শাসনব্যবস্থার অধীনে পূর্ব বাংলার মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
তবে নির্বাচন বর্জন করলেও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ নির্বাচনী বিজয়কে তিনি রাজনৈতিকভাবে অস্বীকার করেননি। বরং নির্বাচনের পর পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, তখন তিনি গণতান্ত্রিক রায়ের প্রতি শ্রদ্ধা এবং বাঙালির অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে প্রতিবাদী অবস্থান নেন। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা অসহযোগ আন্দোলনের প্রতিও তাঁর সমর্থন ছিল।
এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য—মওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতার সরল সমীকরণে বিচার করা ইতিহাসের প্রতি সুবিচার নয়। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বিকাশে ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান ছিল গুরুত্বপূর্ণ। ভাসানী তাঁকে স্নেহ করতেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার প্রশংসা করতেন। রাজনৈতিক কৌশল ও মতাদর্শে তাঁদের মধ্যে পার্থক্য থাকলেও বাঙালির অধিকার ও মুক্তির প্রশ্নে তাঁদের সম্পর্কের ঐতিহাসিক তাৎপর্য ছিল গভীর।
মহান মুক্তিযুদ্ধে ভাসানীর ভূমিকা
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা শুরু করলে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপ নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এ সময় মওলানা ভাসানী ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন, প্রবাসী সরকারের সঙ্গে যোগাযোগ এবং মুক্তিসংগ্রামের রাজনৈতিক সমর্থন সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পক্ষে গঠিত জাতীয় ও আন্তর্জাতিক সমন্বয় উদ্যোগেও তাঁর নেতৃত্ব ও উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ।
স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তাঁর বহুদিনের লালিত আকাঙ্ক্ষা ছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি যে স্বাধীনতার পথের কথা বলেছিলেন, ১৯৭১ সালে সেই স্বপ্ন বাস্তব রূপ পায়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে।
ক্ষমতার রাজনীতির বাইরে এক ব্যতিক্রমী রাজনৈতিক দর্শন
মওলানা ভাসানীকে বুঝতে হলে তাঁর দলীয় পরিচয়ের বাইরেও তাকাতে হবে। তিনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি বারবার রাজনৈতিক দল গঠন করেছেন, আবার প্রয়োজন মনে করলে সেই দল ত্যাগও করেছেন। প্রচলিত ক্ষমতার রাজনীতি তাঁকে কখনো খুব বেশি আকর্ষণ করেনি। রাষ্ট্রক্ষমতার কেন্দ্র দখল নয়, রাষ্ট্রের সম্পদ ও সুযোগ-সুবিধায় সাধারণ মানুষের ন্যায্য অংশ নিশ্চিত করাই ছিল তাঁর রাজনৈতিক চিন্তার প্রধান লক্ষ্য।
সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, সামন্তবাদ, সামরিকতন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল সুস্পষ্ট। তিনি সমাজতান্ত্রিক চিন্তাধারাকে গুরুত্ব দিয়েছেন, একই সঙ্গে ইসলামী মূল্যবোধের সঙ্গে সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্যের সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন। জীবনের শেষ পর্যায়ে ইসলামী সমাজতন্ত্রের ধারণা নিয়ে তাঁর আগ্রহ ছিল বিশেষভাবে লক্ষণীয়।
তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেবল বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ ছিল না। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার শোষিত মানুষের মুক্তির সংগ্রামের সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত মনে করতেন। সাম্রাজ্যবাদী শক্তির অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে তাঁর বক্তব্য ছিল আন্তর্জাতিকতাবাদী চেতনায় সমৃদ্ধ। জাতীয় মুক্তির সংগ্রাম করেও তিনি উগ্র জাতীয়তাবাদের সংকীর্ণতায় আবদ্ধ হননি। বরং বিশ্বমানবতার চেতনাকে ধারণ করেছিলেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা বিস্তারেও তাঁর আগ্রহ ছিল। টাঙ্গাইলের সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ তাঁর বহুমাত্রিক ব্যক্তিত্বের পরিচয় বহন করে। তিনি বিশ্বাস করতেন, রাজনৈতিক মুক্তির পাশাপাশি শিক্ষা ও জ্ঞানচর্চা ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
আজকের বাংলাদেশে ভাসানীর রাজনীতি কতটা প্রাসঙ্গিক?
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আজকের বাংলাদেশে তাঁর রাজনৈতিক দর্শনের প্রাসঙ্গিকতা কতটুকু? স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান কি না, শ্রমিক তাঁর শ্রমের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা পান কি না, সাধারণ মানুষ রাষ্ট্রের সম্পদ ও সুযোগ-সুবিধায় সমান অধিকার ভোগ করেন কি না—এসব প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান যতই বড় হোক, সাধারণ মানুষের জীবনমান, আয়, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা ও সামাজিক মর্যাদার উন্নতি না ঘটলে সেই উন্নয়ন পূর্ণতা পায় না। কৃষকের উৎপাদন ব্যয় বাড়ে, কিন্তু ন্যায্য দাম নিশ্চিত হয় না; শ্রমিকের শ্রমে অর্থনীতি সচল থাকে, অথচ অনেক ক্ষেত্রে তাঁর জীবন কাটে অনিশ্চয়তা ও বঞ্চনার মধ্যে। রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে, কিন্তু ক্ষমতাকেন্দ্রিকতা, দলীয় প্রভাব, বৈষম্য ও দুর্নীতির সংস্কৃতি থেকে রাষ্ট্র পুরোপুরি মুক্ত হতে পারে না।
এ বাস্তবতায় ভাসানীর রাজনীতি আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি মনে করতেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণের মধ্যে নিহিত। জনগণকে উপেক্ষা করে, তাদের অধিকার সংকুচিত করে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে স্থায়ী রাষ্ট্রীয় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায় না। গণতন্ত্র কেবল নির্বাচন কিংবা ক্ষমতা হস্তান্তরের নাম নয়; গণতন্ত্রের প্রকৃত অর্থ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং রাষ্ট্রের কাছে জবাবদিহি নিশ্চিত করা।
আজকের রাজনীতিতে যখন আদর্শের চেয়ে ক্ষমতা, জনকল্যাণের চেয়ে ব্যক্তিস্বার্থ এবং রাজনৈতিক কর্মসূচির চেয়ে দলীয় প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বেশি দৃশ্যমান, তখন ভাসানীর জীবন ও সংগ্রাম এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিক্ষা হয়ে উঠতে পারে। তিনি নিজের হাতে গড়া দল থেকেও বেরিয়ে এসেছেন আদর্শের প্রশ্নে। ক্ষমতার সুবিধা গ্রহণের পরিবর্তে সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর এই রাজনৈতিক সততা ও নৈতিক দৃঢ়তা সমকালীন রাজনীতির জন্য বিশেষভাবে শিক্ষণীয়।
ইতিহাসের যথাযথ মূল্যায়ন হোক
দুঃখজনক হলেও সত্য, মওলানা ভাসানীর মতো একজন জাতীয় নেতার জীবন, রাজনৈতিক দর্শন ও ঐতিহাসিক অবদান নিয়ে বাংলাদেশে যে মাত্রায় গবেষণা, চর্চা ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ থাকা প্রয়োজন, তা এখনো যথেষ্ট নয়। তাঁর বক্তৃতা, বিবৃতি, রাজনৈতিক প্রস্তাবনা, চীন সফরের অভিজ্ঞতা, কৃষক আন্দোলন এবং আন্তর্জাতিক রাজনীতিবিষয়ক চিন্তাধারার গভীর বিশ্লেষণ প্রয়োজন। নূরুল কবীরের ‘রেড মাওলানা’, সৈয়দ আবুল মকসুদের ভাসানীবিষয়ক গবেষণা এবং অন্যান্য লেখকের কাজ গুরুত্বপূর্ণ হলেও তাঁর বিশাল রাজনৈতিক জীবনকে অনুধাবনের জন্য আরও বিস্তৃত গবেষণা দরকার।
তাঁকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পদ হিসেবে দেখার প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে। ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জাতীয় সম্পদ। তাঁর অবদানকে খণ্ডিতভাবে উপস্থাপন করা কিংবা রাজনৈতিক সুবিধা অনুযায়ী তাঁর বক্তব্য ও অবস্থানকে ব্যাখ্যা করা ইতিহাসের প্রতি সুবিচার নয়। একইভাবে তাঁর রাজনৈতিক জীবনের মতপার্থক্য, সীমাবদ্ধতা ও বিতর্কিত অধ্যায়গুলোও গবেষণার আলোকে নির্মোহভাবে আলোচিত হওয়া প্রয়োজন। একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয় তাঁর অবদানকে সত্য ও যুক্তির ভিত্তিতে মূল্যায়নের মধ্য দিয়ে, তাঁকে রাজনৈতিক প্রচারণার উপকরণে পরিণত করার মাধ্যমে নয়।
মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী নেতা, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলনের যোদ্ধা, পাকিস্তানি শোষণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা। তিনি আমাদের শিখিয়েছেন, রাজনীতির সার্থকতা ক্ষমতার আসনে নয়, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে। যে রাজনীতি ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে পারে না, কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে না, শ্রমিকের ঘাম ও শ্রমের মর্যাদা দিতে পারে না, সেই রাজনীতির সাফল্য নিয়ে প্রশ্ন থাকবেই।
৫০তম মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীকে স্মরণ করার অর্থ শুধু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়; তাঁর রাজনৈতিক আদর্শ, নৈতিক সাহস, গণমুখী চিন্তা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে নতুন করে উপলব্ধি করা। বাংলাদেশ যত দিন থাকবে, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম যত দিন চলবে, তত দিন মওলানা ভাসানীর নাম প্রাসঙ্গিক থাকবে। ইতিহাসের পাতায় তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি প্রতিবাদের এক জীবন্ত প্রতীক, গণমানুষের মুক্তির এক অনন্য মহাকাব্য।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সংগ্রামী আদর্শ অমর হোক। গণমানুষের মুক্তির রাজনীতিতে তাঁর জীবন ও দর্শন হয়ে থাকুক আগামী প্রজন্মের প্রেরণা।
লেখক: মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।