বাংলাদেশ বার্তা টুুডে
বাউল সংগীত ও সংস্কৃতি নিয়ে হেযবুত তওহীদের ইমামের বিস্তারিত বক্তব্য
বাউল সংগীত ও সংস্কৃতি নিয়ে হেযবুত তওহীদের ইমামের বিস্তারিত বক্তব্য মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিবেদক: বাউল সংগীত, মাজার কেন্দ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে এ নিয়ে সৃষ্ট উত্তেজনা ও অসহিষ্ণুতার বিষয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছিলেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সাগর মুন্সি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘মাটি মিউজিক’ শিল্পী গোষ্ঠী আয়োজিত এক অনুষ্ঠানে মোঃ মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, মানুষ সৃষ্টিগতভাবেই সংগীত ও সুরপ্রিয়, যা আত্মার খোরাক জোগায়। প্রকৃতির পাখির গান বা কোকিলের কণ্ঠ যেমন মানুষকে আনন্দ দেয়, তেমনি সুস্থ ও শালীন সংগীত মানুষের মনকে সমৃদ্ধ করে। তিনি উল্লেখ করেন, ইসলাম শিল্প, সাহিত্য ও সুস্থ বিনোদনের বিরোধী নয়; বরং এগুলোকে সভ্যতার ধারক ও বাহক হিসেবে দেখা উচিত। রাসূলুল্লাহ (সা.)-এর যুগেও যুদ্ধের ময়দানে সৈন্যদের উদ্দীপনা জোগাতে এবং বিয়ে বা উৎসবের আয়োজনে গান গাওয়ার নজির রয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া বাংলার ভাটিয়ালি, ভাওয়াইয়া, পল্লীগীতি ও শ্রমসংগীত মেহনতি মানুষের কর্মস্পৃহা বাড়ায়। কোনটি হালাল আর কোনটি হারাম—এ বিষয়ে কোরআনের মানদণ্ড তুলে ধরে তিনি বলেন, যেসব গান, নাটক বা বক্তব্যে অশ্লীলতা, বেহায়াপনা, সমাজে বিভাজন সৃষ্টি কিংবা আল্লাহ, রাসূল ও ধর্মীয় গ্রন্থের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়, কেবল সেগুলোই নিষিদ্ধ বা হারাম। শরীয়ত ও মারেফতের প্রসঙ্গ টেনে হেযবুত তওহীদের ইমাম বলেন, ইসলাম দেহ ও আত্মা—অর্থাৎ শরীয়ত ও মারেফতের সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। শুধু মারেফতি গান বা আধ্যাত্মিক চর্চায় ডুবে থেকে নামাজ, রোজা, যাকাত কিংবা রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়া ইসলামের শিক্ষা নয়। একইসঙ্গে গানের কথার মধ্যে অতি রহস্যময় বা গূঢ়তত্ত্বপূর্ণ শব্দ ব্যবহার করে সমাজে বিভ্রান্তি বা বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী ও মাজারে হামলা, পাল্টা-পাল্টি ফতোয়া এবং মব সন্ত্রাসের নিন্দা জানিয়ে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা বা ভাঙচুর চালানো সমাজে অরাজকতা ও অসহিষ্ণুতা সৃষ্টি করে, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কোনো গান বা বক্তব্যে ধর্মীয় অবমাননা হয়েছে কি না, তা যাচাই-বাছাইয়ের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সেন্সর বোর্ড ও বিচারিক প্রক্রিয়া থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিনি ভিন্ন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দেন। পাশাপাশি বিয়ে বা উৎসবে বিদেশি বা অশ্লীল গানের বদলে বাংলার চিরায়ত সংস্কৃতি ও শালীন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজে ভারসাম্য ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থানের ১১৪ জনের ডিএনএ রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪ জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ (সিআইডি)। এ সংক্রান্ত প্রতিবেদন আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় হস্তান্তর করা হয়েছে।