রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আল নাহিয়ান অভি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আল নাহিয়ান অভি (২৯) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে রংপুর নগরের সরকারি বেগম রোকেয়া কলেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে রংপুর জেলা পুলিশ। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা সহযোগিতা করেন।
গ্রেপ্তার আল নাহিয়ান অভি পীরগাছা উপজেলার মহিষমুড়ী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জাহিদুল ইসলাম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, ষড়যন্ত্র, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতিসাধনের পরিকল্পনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অন্যদের প্ররোচিত করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড পরিচালনায় টেলিগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারের অভিযোগও উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৭টি লোহার রড, ১৩টি বাঁশের লাঠি এবং দুটি প্লাস্টিকের বোতলে আনুমানিক এক লিটার পেট্রল উদ্ধার করে জব্দ করা হয়েছে।
আল নাহিয়ান অভি পীরগাছা থানার ২০ নভেম্বর ২০২৬ তারিখের এফআইআর নম্বর ১৭ এবং জিআর নম্বর ২৭৫-এর এজাহারনামীয় আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় করা হয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে পীরগাছা থানায় ২০২৪ সালের ৩ অক্টোবর দায়ের করা একটি মামলা এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় ২০২৪ সালের ১৩ নভেম্বর দায়ের করা আরেকটি মামলা রয়েছে। এসব মামলায় দাঙ্গা, অনধিকার প্রবেশ, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি, ভয়ভীতি প্রদর্শন ও মারধরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।