আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ১৮ নভেম্বর গভীর রাত আটটার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু হাসনাত হিমেল ওই গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় আবু হাসনাত হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com