৬২ বছরে প্রধানমন্ত্রীর পদার্পণ, খুকৃবিতে শুভেচ্ছা ও বিশেষ আয়োজন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নানা আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উদ্‌যাপন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. উজ্জ্বল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “দেশের স্থিতিশীলতা, ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার পাশাপাশি জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সকল দল ও মতের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশের পথে-প্রান্তরে, মাঠে-ঘাটে ঘুরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কাজ করছেন। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে সেই তৌফিক ও সক্ষমতা দান করেন।”

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে তাঁর প্রচেষ্টা সফল হোক—এমন আশাবাদও জানান তাঁরা।

কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com