হাবিপ্রবির মজার স্কুলের ৭৭ শিশুর পাশে বসুন্ধরা শুভসংঘ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মজার স্কুলের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখা। এ উপলক্ষে ৭৭ জন শিশুর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি হাতের লেখা ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এবং মজার স্কুলের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের হাতে খাতা, কলম ও পেন্সিল তুলে দেন সংগঠনটির সদস্যরা। পাশাপাশি হাতের লেখা ও গজল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য নাস্তার ব্যবস্থাও রাখা হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ আয়োজনে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষাসামগ্রী ও পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজনে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের পাশাপাশি মজার স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
এ বিষয়ে বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখার সভাপতি হৃদয় বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের ছোট ছোট উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখা মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন বলেন, “হাবিপ্রবি মজার স্কুলের কোমলমতি শিশুদের সঙ্গে আনন্দঘন কিছু মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। হাতের লেখা ও গজল প্রতিযোগিতার পাশাপাশি প্রায় ৭৭ জন শিশুর হাতে শিক্ষাসামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত ও অনুপ্রাণিত। শিশুদের পাশাপাশি মজার স্কুলের শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ আমাদের আয়োজনকে আরও সার্থক করেছে। আমরা চাই, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখার সাহস ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে।”
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ, হাবিপ্রবি শাখার সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক ইমরান, হাবিপ্রবি মজার স্কুলের সভাপতি সাহিম ইসলামসহ সংগঠনটির অন্যান্য সদস্য এবং মজার স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।