গারো
শস্য দেবতা মিসি সালজংকে কৃতজ্ঞতা জানিয়ে বকশীগঞ্জে ওয়ানগালা
শস্য দেবতা মিসি সালজংকে কৃতজ্ঞতা জানিয়ে বকশীগঞ্জে ওয়ানগালা। আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। নতুন ফসল ঘরে তোলার আনন্দে শস্য দেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামালপুরের বকশীগঞ্জে উদ্যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা মহোৎসব। নতুন ফসল আহারের অনুমতি প্রার্থনা এবং পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন তাঁরা। রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়ার কারণে দুপুরে উপজেলার দিঘলাকোনা এলাকার সাধু আন্দ্রে ধর্মপল্লীতে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গারো সম্প্রদায়ের পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। উৎসবকে ঘিরে পুরো ধর্মপল্লী পরিণত হয় আনন্দমুখর মিলনমেলায়। গারো সম্প্রদায়ের বিশ্বাস, শস্য দেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো এবং নতুন ফসল খাওয়ার অনুমতি চাওয়ার মধ্য দিয়ে ওয়ানগালা উদ্যাপন করা হয়। উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী থক্কা অনুষ্ঠান। এরপর শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ আয়োজনে গারো সম্প্রদায়ের মানুষের পাশাপাশি স্থানীয় বাঙালিরাও অংশ নেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে পুরো আয়োজন পরিণত হয় মিলনমেলায়। প্রার্থনায় সবার সুখ-শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ধর্মপল্লী প্রাঙ্গণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গারো সম্প্রদায়ের শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরেন। পাশাপাশি দিঘলাকোনা এলাকায় বসে ছোট পরিসরের মেলা। উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠেন শিশু, নারী ও পুরুষেরা। তবে বৈরী আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবার দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানান স্থানীয়রা। তারপরও ঐতিহ্য ও সংস্কৃতির টানে বিভিন্ন বয়সী মানুষ উৎসবে অংশ নেন। সারথী খকশী বলেন, প্রতিবছরই তাঁরা এ উৎসব পালন করেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা ভিন্নতা ছিল। বৃষ্টির কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারপরও সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরেছেন। জয় দাঙ্গো বলেন, ওয়ানগালা মূলত সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর উৎসব। প্রতিবছর ছোট-বড় সবাই মিলে তাঁরা এ উৎসব পালন করেন। এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবাই আনন্দ-উৎসবে মেতে ওঠেন। ফাদার অপোসলোমো রোজারিও বলেন, ওয়ানগালা মান্দি আদিবাসী ভাই-বোনদের প্রধান ঐতিহ্যবাহী উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে তাঁরা সৃষ্টিকর্তার প্রশংসা করেন এবং ফসলসহ খাদ্যসামগ্রী দান করার জন্য তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশই এ উৎসবের মূল উদ্দেশ্য।
শেরপুরে তিন দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব শেষ
শেরপুরে তিন দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব শেষ তৌহিদুর রহমান শেরপুর - শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, নতুন ফসল ঘরে তোলার আনন্দ আর শত বছরের ঐতিহ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা। নাচ-গান, ঐতিহ্যবাহী পোশাক, নানা আচার-অনুষ্ঠান, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় তিন দিন ধরে মুখর ছিল উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠ। রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয় এ উৎসব। মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে গত শুক্রবার বেলা ১১টায় উৎসব শুরু হয়। উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি. ক্রুশ, ওএমআই। উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু। বক্তব্য দেন আর্চবিশপ বিজয় এন. ডি. ক্রুশ, ওএমআই, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান। আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনের উৎসবে শিশু-কিশোরদের গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছিল মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গারো শিল্পীদের ব্যান্ড সংগীত পরিবেশনা ও পুরস্কার বিতরণী। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান। এসবের মধ্যে মান্দি ভাষায় বাণী পাঠ, খামালকে খুখুব ও থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা ও নকগাথা অনুষ্ঠান উল্লেখযোগ্য। শেষ দিনে গারো সম্প্রদায়ের সনাতনী সাংসারিক ধর্মবিশ্বাস অনুযায়ী ফসল কর্তনের প্রার্থনা বা থক্কা অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে বিদ্যালয় মাঠে বসে অস্থায়ী মেলা। সেখানে ঐতিহ্যবাহী পোশাক, খাবার, শিশুদের খেলনাসহ নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলায় স্থানীয় গারো সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার দর্শনার্থীদের ভিড় জমে। গারো সম্প্রদায়ের কাছে ওয়ানগালা শুধু আনন্দ-উৎসব নয়, এটি তাদের জাতিগত পরিচয়, বিশ্বাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী এবং ‘গালা’ অর্থ উৎসর্গ করা। নতুন ফসল ঘরে তোলার পর শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনার মধ্য দিয়ে উদ্যাপিত হয় এ উৎসব। এ কারণে ওয়ানগালাকে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়। এটি ‘এক শ ঢোলের উৎসব’ নামেও পরিচিত। গারোদের বিশ্বাস, শস্যদেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। তাই নতুন ফসল ঘরে তোলার পর তার প্রতি কৃতজ্ঞতা জানাতে নাচ-গান ও নানা ধর্মীয় আচার পালন করা হয়। একই সঙ্গে পরিবার, সমাজ ও মণ্ডলীর মঙ্গল কামনা করা হয়। ওয়ানগালা উৎসব কমিটির আহ্বায়ক ও মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি বলেন, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এখানে ওয়ানগালা উৎসব উদ্যাপন করা হচ্ছে। গারো সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।