দৌলতপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা: বীজ-সার পাচ্ছেন ৫ হাজার ২৭০ কৃষক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি।

রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো এবং তেল ও ডালজাতীয় ফসলের আবাদ সম্প্রসারণে কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সরওয়ার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শামীম রেজা মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী খাদেমুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ, মডেল প্রাথমিক বিদ্যালয়ের ইনস্ট্রাক্টর আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা কৃষি অফিসের বরাদ্দ তালিকা অনুযায়ী, পাঁচটি ফসলের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সরিষা চাষে ৪ হাজার ৩৭০ জন, চিনাবাদাম চাষে ৩১০ জন, মসুর চাষে ৪৭০ জন, খেসারি চাষে ৫০ জন এবং অড়হর চাষে ৭০ জন কৃষক রয়েছেন। সব মিলিয়ে ৫ হাজার ২৭০ জন কৃষক এ প্রণোদনার আওতায় আসবেন।

বরাদ্দ অনুযায়ী, সরিষা চাষিদের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। চিনাবাদাম চাষিরা পাবেন ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। মসুর চাষিদের জন্য রয়েছে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

অন্যদিকে, খেসারি চাষিদের ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং অড়হর চাষিদের ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য এ প্রণোদনা পাবেন।

কৃষি সংশ্লিষ্টদের মতে, সময়োপযোগী এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমার পাশাপাশি রবি মৌসুমে তেল ও ডালজাতীয় ফসলের আবাদ বাড়বে। বিশেষ করে সরিষা ও ডালজাতীয় ফসলের উৎপাদন সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com