কলাপাড়া পুলিশের অভিযানে চট্টগ্রামের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আমিনুল ইসলাম (৪১) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার এসআই (নিঃ) ফোরকান মিয়া সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আমিনুল ইসলাম কলাপাড়া উপজেলার দাসের হাওলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং মাতার নাম ফিরোজা বেগম। তিনি চট্টগ্রামের একটি ধর্ষণ মামলার আসামি। ২০১৫ সালে গ্রেফতারের পর দীর্ঘ সাত বছর কারাভোগ করেন তিনি। পরবর্তীতে ২০২২ সালে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান।

এরপর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আমিনুল। তার অবস্থান শনাক্ত ও গতিবিধি নজরদারিতে রেখে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল কলাপাড়া থানা পুলিশ। অবশেষে তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com