চট্টগ্রামে ৫ হাজার জাল ভিসা ও ১৭ পাসপোর্টসহ প্রতারক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামে আবদুল মাবুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে নগরের কোতোয়ালী এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল মাবুদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিক ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। সার্বিয়া যাওয়ার আশায় তাঁরা প্রতারক চক্রের সদস্যদের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি জনপ্রতি ছয় লাখ টাকার বিনিময়ে সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহ করত। ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য তাঁদের হাতে তুলে দেওয়া হতো জাল ভিসা। এভাবে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নেওয়া হতো বিপুল পরিমাণ অর্থ।

ভুক্তভোগীরা ভিসা নিয়ে বিমানবন্দরে গেলে অভিবাসন পুলিশের যাচাইয়ে সেগুলো জাল হিসেবে শনাক্ত হতো। তখন চক্রের সদস্যরা ভুক্তভোগীদের অন্য কোনো সমস্যা রয়েছে বলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। ফলে বিদেশযাত্রার স্বপ্ন নিয়ে প্রতারণার শিকার হতেন সাধারণ মানুষ।

পুলিশ জানায়, চক্রটির সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছেন। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com