হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি এমপি ফজলে হুদার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে হুদা বাবুল বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ব্যস্ত থাকলেও বাংলাদেশের মানুষ তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর দেখতে চায়। দুই দেশের প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। এ সময় ভারতীয় দালালদের বাংলাদেশে কোনো জায়গা দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। সন্ত্রাস ও নাশকতাকারীদের এ দেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগকে আগুন ও পেট্রোল সন্ত্রাসের দল উল্লেখ করে তিনি দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন।

এর আগে বদলগাছী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশটিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com