সুন্দরগঞ্জে আঁখি ও আদিল হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও সন্তান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা কঞ্চিবাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মা ও তার নিষ্পাপ সন্তানকে নির্মমভাবে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তের নামে কোনো গাফিলতি বা কালক্ষেপণ বরদাশত করা হবে না।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সেদিকে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ, জেলা বিএনপির সদস্য মাসুম পারভেজ, কঞ্চিবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আননা কায়ছার, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ, রায়হান মিয়া, ইউশা আহমেদ তালহা, নিহত আঁখির মা নাজমা বেগম, মেয়ে রেজোয়ান আক্তার, ভাই নাজমুল হোসেন রনি, খালা আনোয়ারা বেগম পাখিসহ এলাকার আরও অনেকে।
এসময় নিহতের স্বজনরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং নিহতদের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এলাকাবাসী আন্দোলন চালিয়ে যাবে।