ক্ষেতলালে ডিবি’র জালে বগুড়ার মাদক কারবারি, ৫০০ পিস ইয়াবা উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলাকে মাদকমুক্ত রাখার ধারাবাহিক অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলার ক্ষেতলাল উপজেলায় এক ঝটিকা অভিযান চালিয়ে ৫০০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ পার্শ্ববর্তী বগুড়া জেলার এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ২০ নভেম্বর সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রুবেল (২৬)।
সে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের আদর্শগ্রাম (আলীরহাট বাজার সংলগ্ন) এলাকার মোঃ ইদ্রিস এবং জোলেখা বেগম দম্পতির সন্তান।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের একটি গোপন সংবাদ পেয়ে শুক্রবার সকাল থেকেই ক্ষেতলাল থানার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় জয়পুরহাট ডিবি পুলিশের একটি বিশেষ দল।
সকাল পৌনে ৯টার দিকে বাজারের ‘ভোলা হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর সামনে ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে ঘেরাও করে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই নিঃ) মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে তার সাথে আরও অংশ নেন ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই নিঃ) মোঃ জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সোহেল রানা এবং সঙ্গীয় ফোর্স।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামি মোঃ রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।