নওগাঁয় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

মোঃ রমজান হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

সমগ্র নওগাঁজুড়ে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিয়ামতপুর উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির উদ্দেশ্যে পিকআপযোগে আসা আটজনের একটি দলের তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের রিমন হোসেন (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিনজনই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ আটটি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি এবং রিমনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তারা ইতিপূর্বে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলায় ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে জানা গেছে।

পলাতক অন্য সদস্যদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com