জয়পুরহাটে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বাড়ির মালিক গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবিতে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শামসুদ্দিন মন্ডল নামে এক বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ২০ নভেম্বর পাঁচবিবি থানা পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাঁচবিবি পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দানেচপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে শামসুদ্দিন মন্ডলের বাড়িতে ভাড়া থাকেন মামলার বাদীর ছেলে। সম্প্রতি বাদী তার অন্য সন্তানদের নিয়ে ছেলের ওই ভাড়া বাসায় বেড়াতে আসেন।
ঘটনার দিন বৃহস্পতিবার ১৯ নভেম্বর বাদী কাজে বাইরে গেলে বাসা ফাঁকা হয়ে যায়। এই সুযোগে বাড়ির মালিক শামসুদ্দিন মন্ডল তিন বছরের ওই শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির বড় বোন বিষয়টি দেখে চিৎকার শুরু করলে শামসুদ্দিন মন্ডল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত শামসুদ্দিন মন্ডলের বিরুদ্ধে এর আগেও নিজের আপন ভাতিজার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পরপরই দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।