মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে পুলিশের টহল গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় টহল গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল শফিক ও রানার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।