চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬৮ জন সহ গ্রেফতার ৯৪৭
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ১১ জেলায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬৮ জন সদস্য রয়েছেন। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৩৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গ্রেপ্তার ১৬৮ সদস্যের মধ্যে চট্টগ্রামে ৪৮, কক্সবাজারে ৯, কুমিল্লায় ৪০, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ১৫, ফেনীতে ১৭, লক্ষ্মীপুরে ১২, রাঙামাটিতে ৪ এবং খাগড়াছড়িতে ৪ জন রয়েছেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ১৯৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৭ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া মাদক মামলায় ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক বহনকারী ৩ জন ও মাদকসেবী ৫৯ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৬ জন মাদক ব্যবসায়ীসহ মাদকসংক্রান্ত অপরাধে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময়ে মাদকদ্রব্যসংক্রান্ত ৩৯টি মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩৩ হাজার ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১৮৫ লিটার চোলাই মদ, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
অন্যদিকে, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৩০ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা অনুযায়ী কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ২১১ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৪৩, কক্সবাজারে ১৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২১, নোয়াখালীতে ১৮, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৩৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ৮ এবং বান্দরবানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।