মিঠাপুকুরে পুলিশের অভিযানে ১৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি: 

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নজরুল ইসলাম ওরফে সিটি নজরুল (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় মিঠাপুকুর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন নজরুল ইসলাম। পরে পুলিশ সদস্যরা তাঁকে ঘটনাস্থল থেকে আটক করেন। তাঁর হেফাজত তল্লাশি করে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম চক দুর্গাপুর গ্রামের মৃত ফজলের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com