পঞ্চগড় সীমান্তে বিজিবির নতুন ক্যাম্প উদ্বোধন, বাড়বে নিরাপত্তা নজরদারি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
সঞ্জু বনিক সৌরভ | জেলা প্রতিনিধি, পঞ্চগড়
পঞ্চগড় | ২০ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর সীমান্ত এলাকায় নতুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প চালু করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ বিভিন্ন সীমান্ত অপরাধ দমনে ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর সীমান্ত এলাকায় নবনির্মিত ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়।
বিজিবির রংপুর অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি ফলক উন্মোচনের মাধ্যমে ‘নারায়নপুর বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।
তিনি জানান, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
নতুন ক্যাম্পটি মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি দায়িত্ব পালন করছে।
তিনি জানান, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলোতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। নতুন নারায়নপুর বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর অগ্রগতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।