মহাদেবপুরের কৃতী সন্তান সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরের কৃতী সন্তান ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। 

২০১৭ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

আকতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ৪৮,নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০১-২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন আকতার হামিদ সিদ্দিকী। তাঁর দায়িত্ব পালনকালে নির্বাচনী এলাকা মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। এসব উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তিনি নিজ নির্বাচনী এলাকায় বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

রাজনৈতিক জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০০৯ সালের ২১ মার্চ ডিবি পুলিশ মহাদেবপুরের নিজ বাসভবন থেকে তাঁকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালত তাঁকে বেকসুর খালাস দেন।

১৯৪৭ সালের ৩০ মে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আরিফ হোসেন মণ্ডল। ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

তাঁর স্মৃতি ধরে রাখতে মহাদেবপুরের মোল্লাকুড়ি মোড়ে তাঁর নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা আকতার হামিদ সিদ্দিকী নান্নু মহাদেবপুর ও বদলগাছীর মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। তাঁর নবম মৃত্যুবার্ষিকীতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com