নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নের পর নতুন রূপ পেল কালিতলা পুলিশ ফাঁড়ি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:
জরাজীর্ণ অবস্থা থেকে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপ পেয়েছে নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ি। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় নবসংস্কারকৃত পুলিশ ফাঁড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নওগাঁ জেলা পরিষদের সহযোগিতায় ফাঁড়িটির সংস্কার ও আধুনিকায়ন কাজ সম্পন্ন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবসংস্কারকৃত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা ফাঁড়িটির সংস্কার ও আধুনিকায়নের ফলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সহজে, দ্রুত ও কার্যকরভাবে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন।
জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।