নওগাঁয় অবৈধভাবে মজুত ৫ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার খড়িবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের এসব সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও নিয়ামতপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযানের সময় আঘোর বাজারের মেসার্স আলামিন ট্রেডার্স থেকে ২১৪ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া খড়িবাড়ি বাজারের মেসার্স সিমা এন্টারপ্রাইজ থেকে ১ হাজার ২০০ বস্তা এবং সাদাপুর খড়িবাড়ি বাজারের মেসার্স বুলবুল ট্রেডার্স থেকে আরও ১ হাজার ২০০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন জানান, জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে।

কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সার বাজারে কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com