জয়পুরহাটে স্বাবলম্বিতার স্বপ্ন বুনছে ২০ অসহায় পরিবার, বিনামূল্যে পেল গাভী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটে অতি দরিদ্র পরিবারের আর্থিক সচ্ছলতা ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বিনামূল্যে ২০টি গাভী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরে জেলার কেশবপুর (নিশিরমোড়) এলাকায় উপমা সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে ১৫তম পর্যায়ে এ গাভী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় উপমা সমাজ উন্নয়ন সংস্থা (ইউএসইউএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল এবং মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অতি দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাভী লালন-পালনের মাধ্যমে দুধ উৎপাদন ও বংশবিস্তারের সুযোগ সৃষ্টি হবে। এতে উপকারভোগী পরিবারগুলোর নিয়মিত আয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক সচ্ছলতা অর্জনের পথ সুগম হবে।

আলোচনা সভা শেষে নির্বাচিত ২০টি অতি দরিদ্র পরিবারের প্রতিনিধিদের হাতে বিনামূল্যে একটি করে গাভী তুলে দেওয়া হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com