ধ/র্ষ/ণ/চে/ষ্টার মামলা খারিজের পর পাল্টা অভিযোগে বাদী কারাগারে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের কালাইয়ে এক কলেজ প্রভাষক ও পল্লী চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ হওয়ার পর, পাল্টা মামলায় ওই মামলার বাদী চম্পা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় দায়ের করা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কালাই উপজেলার মান্দাই গ্রামের বাসিন্দা চম্পা বেগম ২০২৫ সালের ১ ডিসেম্বর জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা (নং-১১৭/২০২৫) দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, ওই বছরের ১৫ নভেম্বর দুপুরে মোসলেমগঞ্জ বাজারে তেলিহার গ্রামের পল্লী চিকিৎসক ও ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক মো. তানজির আহম্মেদ সাকিবের ফার্মেসিতে গেলে তিনি ধর্ষণচেষ্টার শিকার হন।

পরবর্তীতে আদালতের নির্দেশে কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সরেজমিনে ঘটনাটি তদন্ত করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা এবং বাদীর অনুপস্থিতিতে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় ২০২৬ সালের ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের বিচারক হাবিবা মণ্ডল মামলাটি খারিজ করে দেন।

মামলাটি খারিজ হওয়ার পর মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিকার চেয়ে তানজির আহম্মেদ সাকিব একই ট্রাইব্যুনালে চম্পা বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় পাল্টা মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে কালাই থানা পুলিশ অভিযান চালিয়ে চম্পা বেগমকে গ্রেফতার করে।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় চম্পা বেগম নামে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com