চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৮৩৯ জন গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৮৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭৩ জন, পূর্ববর্তী মামলায় ১০৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১১৭ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪২ জন মাদক ব্যবসায়ীসহ মাদকসংক্রান্ত অপরাধে মোট ৯৯ জনকে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানকালে ২৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ১৩০ লিটার চোলাই মদ, ২৫ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ১৫ বোতল বিয়ার, এক বোতল হুইস্কি, পাঁচটি ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১৬৮ গ্রাম ট্যাপেনটাডল পাউডার উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৭২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রামে ১৪ জন, কক্সবাজারে ৯, কুমিল্লায় ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ৫, লক্ষ্মীপুরে ২, রাঙামাটিতে একজন, খাগড়াছড়িতে ৩ এবং বান্দরবানে একজন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২১১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে কক্সবাজারে ১৬ জন, কুমিল্লায় ১১৯, চাঁদপুরে ৫, নোয়াখালীতে ২, লক্ষ্মীপুরে ২০, রাঙামাটিতে ২, খাগড়াছড়িতে ১৩ এবং বান্দরবানে একজন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com